চীনের টিকেট পেলো ৬ আইটি স্নাতক

২৪ আগষ্ট, ২০২৩ ২৩:০৬  

শিক্ষার্থীদের আইসিটি ইকোসিস্টেমে অন্তর্ভূক্ত করার প্রয়াসে অনুষ্ঠিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৩’ এর বাংলাদেশ পর্বের দশম আসরে চীনের টিকিট পেলো ছয় শিক্ষার্থী। এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং) বিভাগের মোহাম্মদ আজমাঈন ফাতিন; ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির ইইই বিভাগের আল মুমতাহিনা এরিকা; বুয়েটের এমই বিভাগের ফারসিয়া কাওসার চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অর্পন সাহা; রুয়েটের সিএসই বিভাগের মায়িশা ফারজানা ও আইইউটি’র সিএসই বিভাগের সাজিদ আহমদ চৌধুরী।

নাগরিক জীবনের টেকসই প্রাযুক্ত নির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন দক্ষতায় ছয় শতাধিক শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী হয়েছেন তারা। চূড়ান্ত প্রতিযোগিতায় ২০ শিক্ষার্থীর মধ্যে আগামী মাসে চীনের শেনঝেনে হুয়াওয়ে সদরদপ্তর পরিদর্শন ও শাংহাইয়ে প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ পেলেন বিজয়ীরা।

বৃহস্পতিবার বিকেলে গুলশানের হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে বিজয়ীদের হাতে পুরস্কারের সনদ তুলে দেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কাউন্সিলর সং ইয়াং।

বিশেষ অতিথি বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির (আইইউটি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের মাধ্যমে তরুণরা আগামীর বিশ্বের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হুয়াওয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদশের সিইও প্যান জুনফেং।

অনুষ্ঠানে জানানো হয়, তরুণদের মধ্যে সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার সক্ষমতা বাড়তে হুয়াওয়ের গত ১৫ বছরে বিশ্বব্যাপী প্রায় ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। বাংলাদেশেও শিক্ষার্থীদের আইসিটি ইকোসিস্টেমের অংশ হতে সহায়তা করছে।